সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে লাল-সবুজের বাংলাদেশ।

গত শুক্রবার (১ সেপ্টেম্বর) লঙ্কানদের বিপক্ষে খেলার ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশের ডিফেন্ডার তপু বর্মণ। সেই গোলেই জয় পায় বাংলাদেশ দল।

কিন্তু বাংলাদেশের পাওয়া পেনাল্টিকে হাস্যকর বলেছেন ভারত দলের ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচ।

একই দিনে ২য় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলে জিতেছে নেপাল। ২টি ম্যাচের তুলনা করতে গিয়ে ইগর বাংলাদেশের জয় নিয়ে এমন কটাক্ষ করলেন।

গোলডটকমকে ইগর স্টিমাচ বলেন, ফল যেন আমাদের পক্ষে থাকে আমরা সেভাবে খেলব। নেপাল একবার প্রতি আক্রমণে গিয়ে ম্যাচটি তারা জিতেছে।

মালদ্বীপ ভালো ফুটবল খেলেছে। অন্যদিকে হাস্যকর পেনাল্টির কারণে জিতেছে বাংলাদেশ। আমরা জানি না খেলায় কী ফল হবে। আমাদের সবকিছুর সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।

আগামীকাল সোমবার ( ৪ সেপ্টেম্বর) সুনীল ছেত্রীদের বিপক্ষে সাফের লড়াইয়ে নামবে বাংলাদেশ।

তার একদিন আগে ভারতীয় দলের কোচের এমন তীর্যক মন্তব্য বাংলাদেশ-ভারত ম্যাচের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

সাফের উদ্বোধনী ম্যাচে ৫৬ মিনিটে বাংলাদেশের আক্রমণ ঠেকাতে গেলে হাতে বল লাগে লংকান ডিফেন্ডার ডাকসন পুসলাসের।সিরিয়ান রেফারি ফেয়ার্স টাওয়েল পেনাল্টির বাঁশি বাজান।

লঙ্কান ফুটবলাররা রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানালে হ্যান্ডবল করা ডাকসনকে আরেকটি হলুদ কার্ড দেখান রেফারি। দুই হলুদ কার্ডে ডাকসনকে মাঠ ছাড়তে হয়।

সফল স্পট কিক থেকে শ্রীলঙ্কার জালে বল জড়িয়ে দেন তপু। পরে এক গোলেই জয় নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করে বাংলাদেশ।

এইচএন