যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগে ডোনাল্ড ট্রাম্প আজ হোয়াইট হাউসে বিদায়ী প্রেসিডেন্ট ওবামার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

ডোনাল্ড ট্রাম্প এবং স্ত্রী মেলানি ট্রাম্প হোয়াইট হাউসে ওবামা দম্পতির সঙ্গে এক চা চক্রে যোগ দেন।

হোয়াইট হাউস থেকে এরপর তাদের ক্যাপিটল বিল্ডিং এ নিয়ে যাওয়া হবে। সেখানে তিনি শপথ নেবেন এবং প্রেসিডেন্ট হিসেবে তাঁর উদ্বোধনী তার ভাষণ দেবেন।

ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের জন্য যখন সবকিছু চূড়ান্ত, তখন ওয়াশিংটনের রাস্তায় দেখা গেছে এক বিরাট ট্রাম্প বিরোধী বিক্ষোভ মিছিল।

বিক্ষোভকারীদের মুখ ঢাকা ছিল মুখোশ এবং স্কার্ফে। তারা ট্রাম্প বিরোধী শ্লোগান দিতে দিতে যাওয়ার সময় রাস্তায় গাড়ী এবং দোকানের জানালা ভাংচুর করে।

অনেককে হুইসেল বাজাতে দেখা যায়।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ পেপার স্প্রে ব্যবহার করে।

বিশ্বের আরও অনেক শহরেও আজ ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে।

শপথ অনুষ্ঠান

যুক্তরাষ্ট্রের সাংবিধানিক রীতি অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পকে আজ শপথ পাঠ করাবেন মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

গ্রিনিচ মান সময় বিকেল পাঁচটায় শপথ গ্রহণ অনুষ্ঠানটি হওয়ার কথা। এরপর পেনসিলভানিয়া এভিনিউ ধরে এক শোভাযাত্রায় অংশ নেবেন তিনি। সেখানে হাজার হাজার সমর্থক যোগ দেবেন বলে মনে করা হচ্ছে।

তবে তার আগেই শুরু হয়ে যাবে শপথ গ্রহণের দিনব্যাপী অনুষ্ঠান।

লিংকন মেমোরিয়ালে হবে এক পাবলিক কনসার্ট। ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আরলিংটন জাতীয় সমাধিতে ফুল দেবেন যুদ্ধে নিহত মার্কিন সেনাদের স্মরণে।

বিদায়ী প্রেসিডেন্ট ওবামা এবং ফার্ষ্ট লেডি মিশেল ওবামা ছাড়াও আগের সব মার্কিন প্রেসিডেন্ট, কংগ্রেসের সদস্যরা শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন।

নির্বাচনে হেরে যাওয়া হিলারি ক্লিনটন এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনও সেখানে থাকবেন বলে আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে প্রায় আট থেকে নয় লক্ষ মানুষ আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় ওয়াশিংটন ডিসির রাস্তায় ভিড় করবেন।

তবে এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যেমন আছেন, তেমনি থাকবেন তার বিরোধীরা, যারা বিক্ষোভ করার জন্য সেখানে যাচ্ছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা।

হাজার হাজার পুলিশ আজ সতর্ক পাহারায় থাকবে, জনতাকে সামলে রাখার জন্য তৈরি রাখা হয়েছে মাইলের পর মাইল ব্যারিকেড।(সূত্র-বিবিসি)

এমবি