টুইট করে খ্যাতি পাওয়া সিরিয় বালিকা বানা আলাবেদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি প্রশ্ন করেছে। সে জানতে চেয়েছে ট্রাম্প কখনো ২৪ ঘন্টা না খেয়ে থেকেছে কি না। একই সঙ্গে সে সিরিয়ার শরণার্থী ও শিশুদের কথা ভেবে দেখতে ট্রাম্পের প্রতি অনুরোধ জানিয়েছে।

বৃহস্পতিবার টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে বানা আলাবেদ। এর নিচে সে লিখেছে, ‘ ডোনাল্ড ট্রাম্প, তোমাকে কি কখনো ২৪ ঘণ্টা খাবার বা পানি ছাড়া ছিলে? স্রেফ সিরিয়ার শরণার্থী ও শিশুদের কথা ভেবে দেখুন।’

গত শুক্রবার ইরাক, সিরিয়া, সুদান, ইরান, সোমালিয়া, লিবিয়া ও ইয়েমেন থেকে শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীদের আসা ঠেকাতে নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব দেশের মধ্যে সিরিয়ার শরণার্থীদের ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ট্রাম্পের দাবি, এর ফলে সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।

সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত আলেপ্পোর পূর্বাঞ্চলে বসবাস করত বানা আলাবেদ ও তার পরিবার। অবরুদ্ধ আলেপ্পোর পরিস্থিতি তুলে ধরে টুইট করে পরিচিত হয়ে ওঠে সে। আলেপ্পো দখলের লড়াই চলাকালে ডিসেম্বর মাসে পরিবারের সঙ্গে আলেপ্পো ছেড়ে তুরস্ক চলে যায় আলাবেদ।

গত সপ্তাহে ট্রাম্পের কাছে লেখা একটি চিঠিতে সে সিরিয়ার শিশু ও জনগণকে রক্ষার আহ্বান জানিয়েছিল। ট্রাম্পের নির্বাহী আদেশ জারির পর সে টুইটারে লিখেছিল, ‘প্রিয় ট্রাম্প, শরণার্থীদের ওপর নিষেধাজ্ঞা খুবই খারাপ। যদি এটি ভালো হয়, তাহলে আপনার জন্য আমার একটি ভাবনা আছে। অন্যদেশগুলোকে শান্তিপূর্ণ করে তুলুন।’

মাহমুদ