করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও ঝুঁকিমুক্ত নন বলে জানিয়েছে হোয়াইট হাউসের মেডিকেল দল। তবে ট্রাম্প নিজে জানিয়েছেন তিনি বেশ ভালো অনুভব করছেন।

শনিবার (০৩ অক্টোবর) হাসপাতাল থেকেই টুইটারে পোস্ট করা চার মিনিটের এক ভিডিও ক্লিপে নিজের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে ট্রাম্প বলেন, “অসুস্থ বোধ করায় আমি এখানে (হাসপাতালে) এসেছি। তবে এখন অনেক বেশি ভালো অনুভব করছি এবং পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য আমরা সবাই কঠোর পরিশ্রম করছি। খুব শিগগিরই ফিরে আসব বলে আমি মনে করি।”

ট্রাম্প বলেন, “আমি নির্বাচনী প্রচারণা শেষ করার অপেক্ষায় রয়েছি, যেভাবে এটি শুরু হয়েছিল এবং যেভাবে আমরা এটি করছিলাম।”

ভিডিওতে ট্রাম্পকে নীল জ্যাকেট এবং সাদা শার্ট পরে একটি ডেস্কের পেছনে বসে থাকতে দেখা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমার মনে হয় পরবর্তী কয়েক দিনই আমার আসল পরীক্ষা, সুতরাং পরবর্তী কয়েক দিনের মধ্যে কী ঘটে তা আমরা দেখব।”

করোনা আক্রান্ত হওয়া তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউসে কোয়ারেন্টাইনে রয়েছেন এবং ‘সুস্থ রয়েছেন’ বলেও জানান ট্রাম্প।

শনিবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, ট্রাম্প সুস্থ আছেন, তবে আগামী ৪৮ ঘণ্টা তার জন্য জটিল হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ট্রাম্পের প্রধান চিকিৎসকের বরাতে হোয়াইট হাউসের মেডিকেল দল জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ‘এখনও ঝুঁকি মুক্ত নন।’

হোয়াইট হাউসের চিকিৎসক সিন কুনলে জানান, প্রেসিডেন্ট ট্রাম্পকে রেজনারনের অ্যান্টিবডি ককটেলের একটি ডোজ দেয়া হয়েছে। এ চিকিৎসা পদ্ধতি এখনও ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে রয়েছে। বিশেষজ্ঞদের একটি দল ট্রাম্পের চিকিৎসা করছেন।

এর আগে স্থানীয় সময় শুক্রবার (০২ অক্টোবর) রাতে কোভিড-১৯ আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র এক মাস আগে নিজের সব প্রচার প্রচারণা বাতিল করতে বাধ্য হয়েছেন ট্রাম্প।

এমবি