সাতক্ষীরার দেবহাটা সীমান্তে বিএসএফের নির্যাতনে রুবেল হোসেন নামের এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে।   

গতকাল রোববার সন্ধ্যায় ইছামতি নদীর কোমরপুর এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে বিজিবি পরে তারা লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রুবেল হোসেন সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহা গ্রামের মোসলেম আলির ছেলে। তিনি বিএসএফ সদস্যদের নির্যাতনে মারা গেছেন বলে অভিযোগ পরিবারের সদস্যদের।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির সন্দেহ বিএসএফ তাকে নদীতে নির্যাতন করে হত্যা করেছে।

রুবেলের পরিবারের লোকজন জানায়, বুধবার রুবেল তার সহযোগী হাড়দ্দহা দক্ষিণ পাড়ার বাবর আলির ছেলে কাওসার আলি ও মাঝের পাড়ার আসাদুলের সঙ্গে ভারতে গরু আনতে যান। রাতে ইছামতি নদী সাঁতরে গরু নিয়ে বাংলাদেশে ফেরার সময় কাওসার বিএসএফের হাতে গ্রেফতার হর। তাকে ভারতীয় পুলিশে সোপর্দ করা হয়েছে।

পরিবারের সদস্যদের অভিযোগ, নদীতে সাঁতার কাটার সময় বিএসএফের রিভার উইংয়ের সদস্যরা রুবেলের দেহে স্পিড বোট চালিয়ে দেয়। এতে রুবেল গুরুতর আহত হয়। বিএসএফ সদস্যরা তাকে বোটে তুলে ফের নির্যাতন করে নদীতে ফেলে দিলে মৃত্যু হয় তার।

এদিকে, আসাদুল নদী সাঁতরে বাংলাদেশের তীরে উঠতে সক্ষম হয়। এ সময় বিজিবি সদস্যরা তাকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করে।

গ্রামবাসীরা জানায়, রুবেলের মৃতদেহ দুই দিন ধরে পানিতে ভাসতে দেখলেও কর্তৃপক্ষ সেটি উদ্ধারের চেষ্টা করেনি। অবশেষে রোববার বিকেলে মৃতদেহ উদ্ধার করা হয়।

বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খালিদ বিন ইউসুফ জানান, মৃতদেহটি উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। এ হত্যার সঙ্গে বিএসএফ জড়িত কিনা সে বিষয়ে এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।


এআই/