অবৈধ পথে ভারতে যাওয়ার পর ভারত সীমান্তে আটক তিন বাংলাদেশী নারীকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ সদস্যরা।

বুধবার রাত সাড়ে ১০টায় বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের বিজিবি সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

ফেরত আসা নারীরা হলেন— যশোরের সাইদ শেখের স্ত্রী সুমি (২৩), নওশের আলীর মেয়ে চম্পা খাতুন (২২) ও মান্দার গাজীর মেয়ে মোমেনা (২১)।

বেনাপোল বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুর রহিম জানান, তারা দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য সীমান্ত পার হয়। এ সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরবর্তী সময়ে মানবিক কারণে ভারতীয় পুলিশের হাতে তুলে না দিয়ে বিজিবি সদস্যদের কাছে তাদের ফেরত দেওয়া হয়।

বিজিবি সদস্যরাও মাঝে মধ্যে আটক ভারতীয় নাগরিককে পুলিশে সোপর্দ না করে সুসম্পর্ক রক্ষা ও মানবিক কারণে বিএসএফের কাছে হস্তান্তর করেন। ফেরত আসা নারীদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

কেএইচ