বিএনপির সরকারবিরোধী আন্দোলনের ভুলগুলো দূর করা দরকার বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শনিবার ‘বিজয়ের ৪৫তম দিবসে গণতন্ত্র, ভোটের অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, আজকের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বামসাএ) এ আলোচনা সভার আয়োজন করে।

তিনি বলেন, ‘আন্দোলনের সফলতার জন্য যে পদ্ধতি ও প্রক্রিয়া চলছে তার পরিবর্তন দরকার। আন্দোলনের মধ্যকার ভুলগুলোকে দূর করা দরকার।’

‘দলের মধ্যে জিয়ার আদর্শবাদের লড়াই কমে গেছে। আমরা ভীত হয়ে পড়েছি। জিয়ার আদর্শের ভিত্তিতে ভয়কে জয় করে সামনের দিকে এগিয়ে যেতে হবে’ বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান।

নিখিল বাংলা লুটপাট সমিতি বানিয়ে সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে মন্তব্য করে আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘কর্তৃত্ববাদী সরকার জনগণকে নানাভাবে বিভ্রান্ত করছে। বিভ্রান্তি সৃষ্টির এ প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলছে। জাতীয়তাবাদী রাজনীতিকে স্পষ্ট করতে না পারার কারণে বিভ্রান্তির পথ থেকে মানুষকে বের করে আনা যাচ্ছে না। সরকার মুক্তিযুদ্ধকে ব্যক্তি, গোষ্ঠী ও দলের স্বার্থে ব্যবহার করছে।’

অনুষ্ঠানে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক রুহল আমিন গাজী বলেন, ‘সরকারি দলের সকলের গণতন্ত্র আছে। তারা যা ইচ্ছা তাই করছে। শুধু দেশের মানুষের গণতন্ত্র নেই।’

বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভি বলেন, ‘প্রধানমন্ত্রী পারেন না এমন কাজ নেই। তিনি যা রাতের বেলায় ভাবেন দিনে তাই করেন। অথচ দেশের জ্ঞানীরা আজ তার পক্ষেই কথা বলছেন। জ্ঞানী লোকেরা যখন নীতি বদলায় তখন আর কিছু থাকে না। তবুও ক্ষীণ কন্ঠে যে প্রতিবাদটুক হচ্ছে তা একদিন কাজে দেবে। সেদিনের জিয়াউর রহমানের ক্ষীণ কন্ঠের উচ্চারণে দেশকে স্বাধীন করেছিল। সেই উচ্চারণটুকু মুছে ফেলার জন্য আজ বড় বড় যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।’

বামসাএ’র চেয়ারম্যান মুহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরীর এতে সভাপতিত্ব করেন।

এমএইচ