তিনি বলেন, ‘নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ ও অরাজকতার কোনো স্থান নেই, আর দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো প্রচেষ্টা ছাত্রসমাজ ও জনগণ প্রতিহত করবে।’

জাহিদুল ইসলাম জানান, আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করবে ছাত্রশিবির। একইসঙ্গে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেন তিনি।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি।

২০২৪ সালের আগস্টের আন্দোলনের সময় সংঘটিত ‘মানবতাবিরোধী অপরাধের ঘটনায়’ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় কবে হবে আগামীকাল বৃহস্পতিবার তা নির্ধারণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

২৩ অক্টোবর বিষয়টি জানানোর পর থেকেই ঢাকাসহ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে জনমনে কিছুটা উদ্বেগ তৈরি হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ১৩ নভেম্বর নিয়ে কোনো ধরনের নিরাপত্তাজনিত সমস্যা নেই। দিনটিতে নাশকতা রোধে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

দিনটি ঘিরে বৃহস্পতিবার মাঠে থাকার ঘোষণা দেয় জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক আটটি ইসলামী দল। এবার ১৩ নভেম্বর সারাদেশে অবস্থান কর্মসূচি এবং ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করল ইসলামী ছাত্রশিবির।

জাহিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগের কিছু নেতাকর্মী আগামীকাল ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দিয়েছে। আমরা তাদের স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ ও অরাজকতার কোনো স্থান নেই। দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো প্রচেষ্টা ছাত্রসমাজ ও জনগণ প্রতিহত করবে।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, ছাত্রশিবির দেশের আপামর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে যেকোনো নৈরাজ্যের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। আগামীকাল সারাদেশে ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

জাহিদুল ইসলাম বলেন, ‘আগামীকাল (১৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খুনি হাসিনার বিচারের রায়ের দিন ঘোষণা করবে। এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। গত দুদিনে এই সন্ত্রাসী সংগঠনটির দুর্বৃত্তরা ১৫টির বেশি বাস আগুনে পুড়িয়ে দিয়েছে। তাদের আগুন সন্ত্রাসের শিকার হয়ে ময়মনসিংহে ঘুমন্ত অবস্থায় একজন বাসচালক নিহত হয়েছেনঅ

‘আমরা মনে করি, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতা এজন্য দায়ী। আমরা সরকারকে এ অগ্নিসন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্য আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে জুলাই গণহত্যা এবং গুম, খুন, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংগঠনকে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

শিবিরের সভাপতি বলেন, ‘যারা ফ্যাসিবাদী শাসনকে বৈধতা দিতে ভূমিকা রেখেছিল তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

জাহিদুল ইসলামের অভিযোগ, ‘কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারপ্রক্রিয়া শুরু হলেও সেটি অত্যন্ত ধীরগতিশীল। এর কারণ কিছু সুবিধাভোগী রাজনৈতিক দলের নেতাকর্মী মোটা অঙ্কের টাকার বিনিময়ে কালক্ষেপণ করিয়েছেন। সেই সঙ্গে গ্রেফতার আওয়ামী লীগ নেতাদের ছাড়াতে একটি পক্ষ মামলা বাণিজ্যের মাধ্যমে জামিন করিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এই জামিনের সঙ্গে ফ্যাসিবাদী মানসিকতার কিছু ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের আইনজীবীরা জড়িত।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, মির্জা ফখরুল গতকাল আওয়ামী লীগের সব মামলা তুলে নেওয়ার আশ্বাস দিয়েছেন, যা অত্যন্ত হতাশাব্যঞ্জক। এমন আচরণ জুলাই শহীদের রক্তের সঙ্গে প্রতারণার রাজনীতির শামিল।

এমএম