খুন, গুম, অপহরণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সড়ক ও নৌ-দুর্ঘটনা প্রতিরোধে সরকারের  ব্যর্থতার প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে  জামায়াত।
শুক্রবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন।
জামায়াত সেক্রেটারি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, সরকারী দল ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই করছে।  নিজেদের দলের লোকদেরকে গুলি করে ও পুড়িয়ে হত্যা করছে। দেশ যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।
তিনি বলেন, সড়ক ও নৌ দুর্ঘটনায়  শতশত লোক নিহত হচ্ছে। তাদের পরিবারের প্রতি সরকারের কোন ধরণের সহানুভূতি ও সহায়তা না দেয়ায় দেশের মানুষ হতবাক হয়েছে। জাতীয় জীবনে সিমাহীন দুর্নীতি ও অপকর্মের ফলেই এ ধরণের দুর্ঘটনা বারবার সংঘটিত হচ্ছে। এভাবে একটি দেশ চলতে পারে না।
খুন, গুম, অপহরণ এবং সড়ক ও নৌ- দুর্ঘটনা প্রতিরোধে সরকারের ব্যর্থতার প্রতিবাদে আগামী ২৭ মে মঙ্গলবার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য  সকল মহানগরী, জেলা ও  উপজেলা সংগঠনের প্রতি আহবান জানান  ডা. শফিকুর রহমান।
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]