বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী রোববার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান শুক্রবার এ কর্মসূচির ঘোষণা করেন।
তিনি বলেন,সরকার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করার যে অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্ত ঘোষণা করেছে তাতে দেশের অর্থনীতি ও উন্নয়ন কর্মকাণ্ড ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সরকারের এ সিদ্ধান্ত জনস্বার্থ বিরোধী।
ডা. শফিক বলেন,বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে সকল প্রকার পণ্যের উৎপাদন খরচ বাড়বে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আরো এক দফা বৃদ্ধি পাবে। বিদ্যুৎ খরচ ও বাড়ি ভাড়া বাড়বে। ফলে জনগণের দুর্ভোগ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।
তিনি বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধির আগে গণশুনানীর নামে জনগণের সঙ্গে তামাশা করা হয়েছে। গণশুনানীতে কেউ বিদ্যুতের মূল্য বৃদ্ধির কথা বলেননি। অথচ সরকার সে সব মতামতকে অগ্রাহ্য করে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আর ও বলেন,বিদ্যুতের এ মূল্য বৃদ্ধির দ্বারা প্রমাণিত হয় যে সরকার জনগণের কল্যাণ চায় না। সরকার জনগণকে শোষণ ও জুলুম করে ক্ষমতায় থাকতে চায়। এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। কাজেই জনগণের দু:খ-কষ্ট নিয়ে তাদের কোন মাথা ব্যথা নেই।  
[b]ঢাকা, ১৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]