শনিবার তালা খুলে ফেলার পর আজ সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেছেন দলটির দুই সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন ও আবদুল লতিফ জনিসহ নেতা-কর্মীরা। দুপুরে তারা কার্যালয়ে যান। এর মাধ্যমে আবার সরব হচ্ছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।

এর আগে গত ৩ জানুয়ারি কার্যালয়টি তালাবদ্ধ করার পর থেকে তারা আত্মগোপনে ছিলেন। তবে এর আগে শনিবার সন্ধ্যায় তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেছিলেন আসাদুল করিম শাহীন।

দেখা গেছে, সোমবার দুপুরের পর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলের তৃণমূলের কয়েকজন নেতাকর্মী নয়াপল্টনের কার্যালয়ে এসেছেন। তবে বিএনপির শীর্ষস্থানীয় কোনো নেতা বা মহানগর পর্যায়ের কোনো নেতাকে কার্যালয়ে আসতে দেখা যায়নি।

এদিকে কার্যালয়টি খোলা হয়েছে- এ সংবাদে দলটির কয়েকজন নেতাকর্মীকে নয়াপল্টনের আশপাশে অবস্থান নিতে দেখা গেছে। এ ছাড়া সকালে ছাত্রদলের কয়েকজন নেতাকেও কার্যালয়ের সামনে অবস্থান নিতে দেখা গেছে।

জেআই