শাহবাগ থানা জামায়াতের আমীর এ্যাডভোকেট হেলাল উদ্দীনকে সাদা পোষাকধারী গোয়েন্দা পুলিশের আটক ও পরবর্তীতে নিখোঁজ হওয়ার প্রতিবাদে এবং অবিলম্বে তার সন্ধানসহ নিঃশর্ত মুক্তির দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর জামায়াত। বিক্ষোভ মিছিলটি রাজধানীর দৈনিক বাংলার মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। 
সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান ও মহানগরী মজলিশে শুরা সদস্য শামসুর রহমান। উপস্থিত ছিলেন মুগদা থানা সেক্রেটারি বনি আমিন, পল্টন থানা সেক্রেটারি আমিনুর রহমান, জামায়াত নেতা মাকসুদুর রহমান, নূর মোহাম্মদ মন্ডল, ছাত্র নেতা আব্দুল কাদের, মোস্তাফিজুর রহমান, হাফিজুর রহমান ও মাহমুদুল হাসান প্রমূখ।
বক্তারা অবিলম্বে জামায়াত নেতা হেলাল উদ্দীনের মুক্তি দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকী দেন। 
উল্লেখ্য, হেলাল উদ্দীন যিনি ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আইনজীবী ও ঢাকা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য। 
বক্তারা অভিযোগ করেন, ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলায় সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মামলা পরিচালনায় বিঘ্ন সৃষ্টির জন্যই তার আইনজীবী এ্যাডভোকেট হেলাল উদ্দীনকে গ্রেফতার করে জুলুম-নির্যাতন চালাচ্ছে। কিন্তু জুলুম-নির্যাতন চালিয়ে ও গ্রেফতার করে জালিম শাহীর পতন ঠেকানো যাবে না। 
সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, জামায়াত-শিবিরকে বিশেষভাবে টার্গেট করে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, গুম, অপহরণ ও রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে নির্মম ও নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালিয়ে গোটা দেশকেই বধ্যভূমিতে পরিণত করেছে সরকার। আইন-শৃংখলা বাহিনী অন্যায়ভাবে নেতাকর্মীদের গ্রেফতার করে গুম করছে এবং ক্ষেত্র বিশেষে ঠান্ডা মাথায় গুলী করে হত্যা ও গুরতর যখম করে কথিত বন্দুক যুদ্ধের কল্পকাহিনী প্রচার করা হচ্ছে। 
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]