আগামী ৪ জানুয়ারি ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি উদযাপন করার জন্য সংগঠনটির পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক কর্মসূচি।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে পুনর্মিলনীর। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
পুনর্মিলনীতে সংগঠনের সাবেক নেতা-কর্মীরা নতুন নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন, অভিজ্ঞতা বিনিময় করবেন। কিন্তু প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি ছাত্রলীগের সাবেক নেতা শোভন ও রাব্বানীকে।
বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়।
তিনি বলেন, হাইকমান্ড থেকে শোভন ও রাব্বানীকে আমন্ত্রণ জানাতে নিষেধ করা হয়েছে। তাই তাদের আমন্ত্রণ জানানো হয়নি।
উল্লেখ্য, গেল বছরের ১৪ সেপ্টেম্বর চাঁদাবাজিসহ নানা অভিযোগে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়।
পরে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয় কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়।
এএস





