স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী সৈয়দ আশারাফুল ইসলামকে মন্ত্রনালয় থেকে অব্যাহতি প্রসঙ্গে বিএনপির কোন মাথা নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী নয়াপল্টনস্থ গোল্ডেন প্লেট হোটেলে ঢাকাস্থ ফেনী জেলা জাতীয়তাবাদী পরিষদ আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন।
নজরুল খান বলেন, এই সরকার ও সংসদ অবৈধ। তাই অবৈধ সরকারের মন্ত্রীদের মন্ত্রীত্ব নিয়ে বিএনপির কোন বক্তব্য নেই। এই বিষয়ে আমরা কোন কথা বলতে চাই না। যে সংসদে বিরোধী দলের একজন গুরুত্বপূর্ণ নেতা প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসাবে দায়িত্ব পালন করেন সেই সরকার কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করবে তা খুব সহজে বুঝা যায়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতা ও সংবিধান অনুযায়ি যে কাউকেই মন্ত্রীত্ব থেকে অপসারণ করে নতুন কাউকে দায়িত্ব দিতে পারেন। এটা একান্ত তাদের সরকারের বিষয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনের আন্দোলন সংগ্রামে ফেনী জেলা জাতীয়তাবাদী পরিষদ সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি নূরুল আমীন ভূঁইয়া বাদশার সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জয়নাল আবদীন প্রমুখ।
এমএইচ/ইআর





