পূর্ণগঠন কমিটিতে ত্যাগি নেতাদের মূল্যায়ন না করা হলে বিএনপির অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।
রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাসাস ঢাকা মহনগর দক্ষিণ আয়োজিত এক ইফতার ও আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
বিএনপির পূর্ণগঠন প্রসঙ্গে হাফিজ বলেন, আগামী ২ থেকে ৩ তিন মাসের মধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দল পূর্ণগঠন করবেন।
আর যারা বিগত আন্দোলনে রাজপথে আন্দোলন ও সংগ্রাম করেছে তাদের এই কমিটিতে মূল্যায়ন করতে হবে। আর ব্যত্যয় ঘটলে বিএনপির অস্তিত্ব সংকটে পড়বে।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, নতুন করে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করতে হবে। তাই হতাশ হওয়ার কিছু নেই। কারণ গত ৩ টি সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হলে দেখা যেতো বিএনপি কতটা জনপ্রিয় দল।
আগামী আন্দোলনে বর্তমান স্বৈরাচার সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে ক্ষমতাসীনদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে সরকারকে মোকাবেলা করা হবে বলেও হুঁশিয়ারিদেন তিনি।
বিজিবির নায়েক আব্দুল রাজ্জাককে মিয়ানমার বিজিপির সদস্য কতৃক অপহরণ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, মিয়ানমারের বিজিপির সদস্যদের এত সাহস কোথা থেকে হলো?তারা এই সাহস পেয়েছে কারন বাংলাদেশ সরকারের মেরুদন্ড নেই।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে খালেদার বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, মোদিও স্বীকার করে গিয়েছেন বাংলাদেশে কোন গণতান্ত্রিক সরকার নেই। এই সরকার সারাবিশ্বে ধিকৃত।
আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে ইফতার মাহফিল ও আলোচনা সভায় আরো বক্তব্যে রাখেন বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান প্রমুখ।
এমএইচ/এসএইচ





