বিএনপি জোটের মধ্যবর্তী নির্বাচনের দাবি নাকচ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘নির্বাচন ২০১৯ সালেই হবে, শেখ হাসিনার অধীনেই হবে। কোনো হুমকি-ধামকি দিয়ে নির্বাচন আগানো যাবে না, সংবিধান পরিবর্তন করা যাবে না। আমরা সংবিধানের বাইরে যেতে চাই না, বাইরে যাওয়ার সুযোগও নেই।’

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ চালিয়ে আসছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। জানুয়ারির শেষ দিক থেকে অবরোধের সঙ্গে যুক্ত হয়েছে হরতালও।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বিকেলে এক আলোচনা সভায় যোগ দিয়ে নাসিম বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণ করেছে। আজকে বাংলার গ্রামে-শহরে-বন্দরে ডিজিটাল বাংলাদেশ বাস্তব। এটি আর স্বপ্ন নয়। এ সরকার অর্থনৈতিক অগ্রগতি সাধন করেছে। শেখ হাসিনা চ্যালেঞ্জ নিয়ে বিদ্যুৎ সমস্যার সমাধান করেছেন। এ মেয়াদে ক্ষমতায় থাকলে বাংলাদেশ ভারতের চেয়েও এগিয়ে যাবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল এ আলোচনা সভার আয়োজন করে।

বিএনপির রাজনীতি ভুল পথে এগোচ্ছে দাবি করে তিনি বলেন, ‘উনি (খালেদা জিয়া) রাগ করে নির্বাচনে যাননি। রাগ করে ঘরের দরজা বন্ধ করে বসে থাকেন, তাতে আমাদের কোনো ক্ষতি নেই। ভুল, উনার সবই ভুল।’

নাসিম আরো বলেন, ‘যে গণতন্ত্র বঙ্গবন্ধুর খুনীদের রক্ষা করে সেই গণতন্ত্র চাই না। আমরা এতো বেশি গণতন্ত্রে বিশ্বাসী না।’

নাসিম বলেন, ‘আমি বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে দেখেছি। তিনি এমন ব্যাক্তিত্ব যার একটি বক্তৃতায় দেশবাসী যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত হয়েছিল। আমাদের দুর্ভাগ্য, যে চারজন নেতা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, আমরা তাদের কাউকেই রক্ষা করতে পারিনি। তাদের সবাইকেই তারা পরিকল্পিতভাবে হত্যা করেছিল।’

বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি দারুস সালাম শাকিলের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ, বঙ্গবন্ধু হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. বায়তুল্লাহ কাদেরী, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।

জেআই