আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, শেখ হাসিনা সরকারকে নিয়ে বিএনপি মিথ্যাচার করছে।

তিনি আরও বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলেন হত্যাযজ্ঞের মাধ্যমে। বন্দুকের নলের মাধ্যমে।”

শনিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “শেখ হাসিনা সরকার গণন্ত্রাতিক আন্দোলন করে জনগণের মন জয় করে ক্ষমতায় এসেছে। এই সরকার সবসময় জনগণের পাশে ছিল।”

খালেদা জিয়ার মুক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, “এতিমের টাকা চুরির দায়ে বিচারিক আদালত খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছে। তার মুক্তি আদালতের বিষয়।”

এ সময় উপস্থিত ছিলেন- কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া জীবন, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ম-আহ্বায়ক সেলিম ভূইয়াসহ প্রমুখ।

এমবি