বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ শীর্ষ তিন নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে সোমবার সারাদেশে জেলা উপজেলা গুলোতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
গতকাল রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে সোমবারের বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
ঝিনাইদহে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সকাল ১১টায় জেলা শহরের কেপিবসু সড়কের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বিএনপির নেতাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে তাদের মুক্তির দাবি করেন।
উল্লেখ্য রোববার ঢাকা মহানগর হাকিম আদালত তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগরীর সদস্য সচিব আবদুস সালামের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর