বিএনপির আন্দোলন নিষ্ফল এবং গুরুত্বহীন উল্লেখ করে বিএনপিকে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।

শনিবার সকালে চট্টগ্রাম মহানগরীর বন্দর এলাকায় অবস্থিত ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ১৪তম ব্যাচের পাসিং আউট অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌমন্ত্রী এই আহ্বান জানান।

শাজাহান খান বলেন রাজনৈতিক বন্দিদশা থেকে মুক্তি পেতে বিএনপির নির্বাচনে আসা ছাড়া অন্য কোন বিকল্প নেই। বিএনপির চলমান আন্দোলন অন্তসারশূন্য। বিএনপির নেতা-কর্মীরাও এই আন্দোলন মানে না।

রাজনৈতিক কোমায় থাকা বিএনপির সামনে একটাই পথ খোলা, তা হচ্ছে সিটি নির্বাচনে অংশ নেওয়া। আমরা বিএনপিকে সেই সুযোগ করে দিয়েছি। আশা করছি এই সুযোগ আর নষ্ট করবে না। শাহাজান খান বলেন, সন্ত্রাস করে কোনো আন্দোলন সফল হয়নি, হবেও না। আন্দোলন হতে হবে গণতান্ত্রিক উপায়ে।

সেজন্য নির্বাচনের বাইরে গিয়ে কোনো গণতান্ত্রিক আন্দোলন সম্ভব নয়। বেগম খালেদা জিয়ার এই নিস্ফল আন্দোলনে দেশের মানুষ যেমন নেই, তেমনি তার দলের নেতা-কর্মীরাও নেই।

পাসিং আউট অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ, সমুদ্র পরিবহন অধিদফতরের মহাপরিচালক কমোডর এম জাকিউর রহমান ভূঁইয়া, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন ফয়সাল আজিম প্রমুখ।

এএইচ