আগামী ২১ এপ্রিল সোমবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমান। আজ শনিবার জামায়াতের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী এবং নায়েবে আমীর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পনড়ব মুফাস্সিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ জামায়াত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবিতে এ কর্মসূচির ঘোষণা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়-
সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে জামায়াতকে নেতৃত্বশূন্য করার জন্য জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে কথিত মানবতা বিরোধী অপরাধের মিথ্যা মামলা দায়ের করে বিচারের নামে প্রহসনের আয়োজন করেছে। মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সরকারের আনীত অভিযোগসমূহ শতভাগ মিথ্যা ও বানোয়াট।
সরকার দলীয় লোকদের দ্বারা মিথ্যা সাক্ষ্য দেওয়ায়ে ‘দেলোয়ার সিকদার’কে ‘দেলাওয়ার হোসাইন সাঈদী’ বানিয়ে ট্রাইব্যুনালে মৃত্যুদন্ডের আদেশ হাসিল করেছে। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে মহামান্য সুপ্রীম কোর্টে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার যুক্তিতর্ক শেষে রায়ের জন্য অপেক্ষমান আছে।
এমতাবস্থায় সরকারের একজন মন্ত্রী ‘দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় দু’একদিনের মধ্যে হবে’ বলে ঘোষণা দিয়েছেন। বিচার করছে আদালত আর মামলার রায়ের তারিখ ঘোষণা করছেন সরকারের মন্ত্রীগণ। সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থের জন্য মিথ্যা মামলা দায়ের করে শাস্তি প্রদানের সরকারি ষড়যন্ত্র সম্পর্কে আমরা বার বার যে আশঙ্কা ব্যক্ত করে আসছি,মন্ত্রীর বক্তব্যের মাধ্যমে আমাদের সে আশঙ্কাই সত্য বলে প্রমাণিত হলো।
অপরদিকে জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীকে ১০ ট্রাক অস্ত্রের মিথ্যা মামলায় মৃত্যুদন্ড প্রদান করা হয়েছে। তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সরকার আন্তর্জাতিক অপরাধ আদালতে কথিত মানবতা বিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে মামলা দায়ের করে বিচারের আয়োজন করেছে। তার মামলাটি রায়ের জন্য অপেক্ষমান।
একই ষড়যন্ত্রের শিকার জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সোবহান,সেক্রেটারি জেনারেল সাবেক মন্ত্রী আলী আহসান মুহাম্মদ মুজাহিদ,সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মুহাম্মদ কামারুজ্জামান,এটিএম আজহারুল ইসলাম,নির্বাহী পরিষদ সদস্য জনাব মীর কাশেম আলী।
সরকার জামায়াতকে নেতৃত্বশূন্য করার উদ্দেশ্যে জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে। আমরা জামায়াতের আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী এবং নায়েবে আমীর বিশ্ববরেন্য মুফাস্সিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ জামায়াত নেতৃবৃন্দের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ২১ এপ্রিল সোমবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি।
এছাড়া ঘোষিত এ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য জামায়াতের সকল শাখার প্রতি আহ্বান এবং দেশবাসীর সহযোগীতা কামনা করা হয়।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]