দেশকে উন্নয়নের পথে আরো এগিয়ে নিতে যার যার অবস্থান থেকে সবাইকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় ধরলা নদীর ওপর শেখ হাসিনা সেতুর উদ্বোধন করে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। কুড়িগ্রাম এলজিইডির তত্ত্বাবধানে সম্পূর্ণ দেশীয় অর্থ ও প্রযুক্ততিতে সেতুটি নির্মাণ শেষ হয়েছে।
ধারাবাহিকতা আর আন্তরিকতা থাকলে যে দেশের উন্নয়ন করা সম্ভব বর্তমান সরকার তা প্রমাণ করেছে বলে জানান শেখ হাসিনা। বর্তমান সরকার তৃণমূল পর্যায়েও প্রতিটি মানুষের উন্নয়নে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের কেউ যেন মৌলিক চাহিদা পূরণ থেকে বঞ্চিত না হয় সেজন্যও কাজ করছে সরকার। ৯৫০ মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে ২০৬ কোটি টাকা।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যার যেখানে যে দায়িত্ব রয়েছে কাজের আপনারা আপনাদের কাজগুলো যথাযথভাবে সুন্দরভাবে করে আসবেন। কারণ আমরা ২০০৯ সালে সরকার গঠন করেছিলাম।
তারপর পাঁচ বছর চালিয়েছি। ২০১৪ সালে আবার আমরা নির্বাচন করে জয়ী হয়ে ক্ষমতায় এসেছি বলেই আজকে নয় বছরে বাংলাদেশ উন্নতি করতে পেরেছে।
সরকারে ধারাবাহিকতা থাকলে আর আন্তরিকতা থাকলে একটা দেশকে উন্নত ও সমৃদ্ধ করা যেতে পারে। আমরা কিন্তু তা প্রমাণ করেছি এবং আমরা যে করতে পারি, আমরা করি, কারণ আমি আপনাদের এটুকু বলতে পারি যে, আমার রাজনীতি দেশের মানুষের জন্য। কারণ, আমি তো বাবা-মা, ভাই-বোন সবই হারিয়েছি। আমার হারাবার কিছু নেই।’
উদ্বোধন উপলক্ষে সেতুটির পূর্ব পাড়ে অস্থায়ী মঞ্চ ও প্যান্ডেল নির্মাণ করা হয়েছিল। দুই পাড়ে হাজার হাজার মানুষ ভিড় করেন এই উদ্বোধন অনুষ্ঠানে সামিল হতে।
এর আগে ২০১২ সালের ২০ সেপ্টেম্বর সেতুটির নির্মাণকাজ উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতু নির্মাণের জন্য প্রায় ১৩ একর জমি অধিগ্রহণ করা হয়। যমুনা নদীর পাড়ে দেশের বৃহত্তম বঙ্গবন্ধু সেতুর পর দ্বিতীয় বৃহত্তম সেতু হচ্ছে এই শেখ হাসিনা সেতু।
এমআর





